July 24, 2021

স্বপ্নতরু

@কমলিকা 

মাঝে মাঝেই আমি গাছ হয়ে যাই

শেকড় গেঁথে যায় নরম ম্যাট্রেসে,

বেডরুমের হালকা নীল আলোয়

স্পষ্ট দেখি ঝরে পড়া বুনো ফুল;

তুমি সে নামবিহীন ফুল তোলো-

যত্নে সাজাও সজল কাঁচের পাত্র,

ঘর ভরে যায় অচেনা মিষ্টি সুবাসে

আমাদের বাসর সাজে প্রতিরাতে।

 

ফুলের গন্ধে আমার মনখারাপ হয়,

তুমি তো তা জানতে,জানতে না?

 

কবিতাটি প্রকাশিত হয় আগরতলা, ত্রিপুরার ‘কীর্ণকাল’ পত্রিকায় ৪র্থ বর্ষ, ২০২০


May 16, 2021

ত্রিষ্টুপ

@কমলিকা 

 
১) কন্সোল্যাশন প্রাইজ

শুধু এক সান্ধ্য উৎসবের
সাজানো ট্রফি লোভে
যে রক্তগোলাপ হত্যা
নিজহাতে করেছি রচনা
এতবছর পর আজও সে
বই কফিনে উঁকি মেরে
গায় আমার সমূহ ব্যর্থতা।


২)সাদা কালো

এক মেয়ের গল্প বলি
মাতাল আত্মঘাতী স্বামীর
মরদেহ চেয়ে যে বলেছিল
এতদিন (সব) জ্বালা জুড়ালো।
চিতাকাঠের ধোওয়া মেখে
বারোহাতি বৈধব্য সাজে
সরকারি অফিসে লিখিয়েছিলো নাম।

অনেক পরে জেনেছিলাম
সাদা শাড়ি পরিহিতা
একদিনশুধু ভালোবেসে ছেড়েছিল ঘর
সেই থেকে কত প্রেম রঙ
মিশলো এসে শাড়ির খাঁজে
বোকা শাড়িখানার তবু
রঙিন হয়ে ওঠা হলো না।

৩) বৃষ্টি তোমাকে দিলাম

তোমার কথা মনে এলে
সেদিন শহরে বৃষ্টি নামে,
ভালোবাসায় যায় ছুঁয়ে
এক মেঘ থেকে আরেক মেঘের বুক;
কল্পনা-কার্নিশে জমা কথাদের
কাজে আর থাকে না মন
ব্যস্ত হাতে বানায় অরিগ্যামি নৌকা,
দু' একটায় পাল দিতেও ভুলে না।

তোমার কথা মনে এলে
আমি নৌকাদের ভিজতে দেই না,
পাট করে তোষকের নীচে রেখে
শুয়ে শুয়ে মেঘেদের গান শুনি।


'দৈনিক বজ্রকন্ঠ' ওয়েবজিনে প্রকাশিত (আগরতলা, ত্রিপুরা)
১)৩১.০১.২০১৯ , ২)৩০.০৩.২০১৯ , ৩)২৬.০৩.২০২০  



April 07, 2021

শ্রাবণসন্ধ্যা


 ১)

শ্রাবণের বিকেলগুলোয়

সুফি রঙের প্রেম

ছড়িয়ে পড়েছে শহরে

যদি সে চিনে তোমায়

ছোঁয়ার দরজায় কয়দিন

তুলে দাও মন-শেকল

ঘুমের বড়ি রেখো সঙ্গে

সারারাত দরবারী কানাড়া

তোমায় ঘুমোতে দেবে না।



২)

তোমার ধুলোমাখা যাপনরণে

যে নদী তেষ্টা মিটিয়েছে

তার জল ছুঁয়ে দেখোনি পথিক,

মুঠোয় ধরে পান করেছো আকণ্ঠ

 ভেবেছো আর্সেনিক পরিসংখ্যান।

ছুঁয়ে না দেখা জলের বিন্দুরা

অভিমানিনি হয়ে ঘুড়ে তোমার শহরে

আকাশে এঁকে যায় কিছু রাগি মেঘ।

 

আজ বৃষ্টি এলে একবার বাইরে এসো

দু'হাতে জল মাখো শরীরে

বলতে ভুলোনা –

আমি চিনেছি,আমি চিনেছি, আমি চিনেছি।


প্রকাশিত ত্রিপুরা, আগরতলার ওয়েবজিন 'দৈনিক বজ্রকন্ঠে' 
১) ১৭.০৯.২০১৮     ২)৩১.০১.২০১৯  

June 13, 2020

শ্রাবণ জাগ্রত দ্বারে

প্রকাশিত হয় মে’খানা শুধু কবিতার পত্রিকায়, তৃতীয় প্রকাশ, মার্চ, ২০১৭ (গুয়াহাটি, অসম)


June 06, 2020

কাঁচগুড়ো


বর্ষার মাঝে দাঁড়ানো

@কমলিকা 

এক বেলজিয়ান গ্লাস

কোনায় সাজা ফুলকারি

হারিয়ে ফেলেছি নিজেকে

জলবিন্দুর ইঁদুর বেড়াল খেলায়

জমে থাকা উষ্ণ পরতে

মুহুর্তে ধরা দেয় নাম

ম্যনিকিওর্ড হস্ত চালনে

 

বর্ষা মিশেলে একাকার

হারিয়ে গেলে তুমি আরেকটিবার


প্রকাশিত হয় অন্তঃকরণ পত্রিকায়, ৫ম সংখ্যা, ফেব্রুয়ারি ২০১৭ (আগরতলা, ত্রিপুরা)

  

May 29, 2020

হেমলক




প্রকাশিত হয় ‘কবিতা যাপন’ পত্রিকায় , প্রথম বর্ষ, প্রথম সংখ্যা,২০১৬  


নেটওয়ার্কিং উবাচ




প্রকাশিত ‘কবিতা যাপন’ পত্রিকায় , প্রথম বর্ষ, প্রথম সংখ্যা,২০১৬  

May 25, 2020

কুয়াশাভিসার




প্রকাশিত হয় ব্যতিক্রম মাসিক পত্রিকা, নবম বর্ষ, দ্বিতীয় সংখ্যা নভেম্বর ২০১৬ (গুয়াহাটি, অসম)   

May 23, 2020

বর্ষাবিরহ


@কমলিকা 
বরষায় আর লিখবো না
অক্ষরজাল ভিজে একশা
বদ্যি, পথ্য, রাতজাগা
মেঘ কাটবে, সুয্যি উঠবে
সব রাস্তাঘাট হতে উধাও
সে রাতে বৃষ্টিভেজা
রূপকথার জিয়নকাঠি
তোমার কি আর পড়বে মনে
সেই বৃষ্টি ভেজা শহর
বাড়ি ফেরার তাড়া
একটা লাল ছাতা, দুটো মন।


০৯.০৮.২০১৫ ‘দৈনিক যুগশঙ্খ’ সংবাদপত্রের রবিবাবরের বৈঠকে প্রকাশিত

May 15, 2020

আমি আর আজ আসব না


@কমলিকা 

কালী মন্দিরের ঠিক উল্টোদিকে
সেই ভাঙ্গা নড়বড়ে দোকানে
যত কাপ চা খাও না কেন
আমি আর আজ আসব না ।

হয়তো ভুলে গেছ তুমি
রাস্তা হয়েছে আলাদা
অবহেলায় তাকিয়ে আছ যদি দেখা দিই
তবু... আমি আর আজ আসব না।

সাদা সালওয়ার ওই রাস্তার কোণে
মিষ্টি হাসির ছটা
নূপুর পায়ের রিনিঝিনি সুর
অন্য কেউ... আমি আর আজ আসব না।

চোখের জল ফেল না তুমি
মন খারাপের সঙ্গী আমি নই
স্মৃতির একচিলতে হাসি ঠোঁটে
সত্যি বলছি... আমি আর আজ আসব না।
এটি আমার প্রথম প্রকাশিত কবিতাশিলচর, অসম থেকে প্রকাশিত উত্তীয় সাহিত্য পত্রিকার দ্বিতীয় পর্যায়,দ্বিতীয় সংখ্যা,২০১৩ তে  প্রকাশিত 

বর্ষপূর্তি


আজ গাঁটছড়ার আরেক বছর পূর্তি,
তোমাদের... যা কোনও এককালে
হতে পারত আমাদের... হয়তো-বা পারত না
সে সব এখন ভুলে থাকা ইতিহাস
কিংবা হয়তো লোককথা- অস্তিত্বহীন!
তবু মন-ক্যালেন্ডারে আজ লাল ছোঁয়া;
কাল রাত জলে ১টা স্লিপিং পিল পড়লো ... টুপ্!

গতকাল মুঠোয় তোমার কণ্ঠস্বর
তখনই জানতাম শুরু ইভেন্ট ম্যানেজমেন্ট;
কি করব, কি কিনব, অপশনগুলো কি?
আমিও বসে পড়লাম ছক কষতে
শ্রেষ্ঠ বাছাই – যেমন করেছি এতটা কাল;
এখন হয়তো তুমি ঘুঁটি চালিয়ে বাজিমাত
আমার সাজানো সাদা-কালো চেস বোর্ডে
কাল রাত ২নং স্লিপিং পিলটা পড়লো ... টুপ!

আজ কেন আকাশ কালো করে মেঘ জমেছে?
তুমি তো জানো বৃষ্টি আমার কতো আপনজন;
কিন্তু আজ আমার চোখের জল মেশাতে
ভয় হচ্ছে- যদি সে জল তোমায় গিয়ে ছোঁয়
তবে যে তোমার ফ্রেন্ডজোনে বহিষ্কৃত;
সেটা চাইনি বলেই তোমার বিয়েতে দামি হিল,
জারদৌসি আর ফেসিয়ালে সব জল লুকিয়েছি...
রাতে ৩নং পিলটাও পড়লো জলে ... টুপ্‌!

তারপর? তারপর?
এর বেশি আর যেতে পারিনি জানো?
ভয় হল যদি সকাল দেখা না হয়;
তবে তুমি কাকে শোনাবে তোমার সফলতা?
তোমার গিঁট পড়ার আর আমার খোলার বর্ষপূর্তি...

@ কমলিকা 




এই কবিতাটি ‘দৈনিক যুগশঙ্খ’ সংবাদপত্রের রবিবাবরের বৈঠকে 27.07.2014এ প্রথম প্রকাশিত হয়েছিল । সংবাদপত্রে প্রকাশিত এটি আমার প্রথম লেখা।পরবর্তী সময় আমার প্রথম বইয়ের প্রথম পাতায় রয়েছে এই কবিতাটি।

More to see...